ফেনীর পরশুরামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ আগস্ট) মির্জানগর ইউনিয়নের সীমান্ত এলাকা ও বটতলী বাজারে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান এবং মুহুরী নদী ও বটতলী বাজারসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও শ্রমিক দল নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
শনিবার দুপুরে মধ্যম রাঙ্গামাটিয়া সীমান্ত এলাকায় সাইফুল ইসলাম ইকরাম, শামীম ও রিয়াজকে পথরোধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও সংঘর্ষ হয়। পরে শামীম ও রিয়াজ বটতলী বাজারে ফিরে গেলে সেখানে আবার দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে সাইফুল ইসলাম ইকরাম (৩২) পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মো. হোসেন (২১) ও মো. ওমর ফারুক (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হাসান ভূঁইয়া।
সংঘর্ষের ঘটনায় জাকির হোসেনের অভি্যোগ, পূর্ববিরোধের জেরে তার অনুসারী ইকরামের ওপর হামলা করা হয়েছে। অন্যদিকে শাহ আলমের দাবি, মাদক বহনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই তাদের লোকজনের ওপর হামলা চালানো হয়।
এদিকে সংঘর্ষের পর বটতলী বাজারের একটি বিএনপি কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন, বাজারে বিএনপির নিজস্ব কোনো কার্যালয় নেই।
পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএস