বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা। ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামার আগে দল সাজানো নিয়ে নতুন ভাবনা শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।
প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনায় শুরুর একাদশে এক-দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ। দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারেন স্কালোনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “প্রতিপক্ষের শক্তির কথা মাথায় রেখে আমরা একাদশে কিছু পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য সম্ভাব্য সেরা দলটিকে মাঠে নামানো। তবে সবাই ভালো অবস্থায় আছে।”
যদিও সম্ভাব্য একাদশ নিয়ে সরাসরি কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। শেষ মুহূর্তে খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও ম্যাচ পরিকল্পনা নিয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো দলের বেশির ভাগ খেলোয়াড়ই ইংল্যান্ডের বিপক্ষেও শুরু থেকে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। তাই বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।
তবে পরিবর্তন এলে সেটি সবচেয়ে বেশি দেখা যেতে পারে মাঝমাঠে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রদ্রিগো দি পলকে বিশ্রাম দেওয়ার বিষয়টি ভাবনায় রয়েছে। চলতি বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে আলোচনা থাকলেও শেষ দুই ম্যাচেই নির্ধারিত সময়ের আগে তাকে মাঠ থেকে তুলে নিয়েছেন স্কালোনি।
দি পল একাদশে না থাকলে তার জায়গায় নিকোলাস গনসালেস অথবা জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বদলি হিসেবে নেমে কার্যকর ভূমিকা রাখা সিমিওনে কোচের আস্থায় রয়েছেন। তিনি মাঠে নামলে বাম প্রান্তে খেলার সুযোগ পেতে পারেন, যার ফলে আর্জেন্টিনার আক্রমণভাগ ও মাঝমাঠের ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল/জুলিয়ানো সিমিওনে/নিকোলাস গনসালেস, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ; অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
ইংল্যান্ডের বিপক্ষে কৌশলগত লড়াইয়ে স্কালোনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারসাম্য বজায় রাখা। একদিকে মেসি-আলভারেজের আক্রমণ, অন্যদিকে শক্তিশালী ইংলিশ মিডফিল্ড—সবকিছু বিবেচনা করেই সেমিফাইনালের একাদশ সাজাতে হবে আর্জেন্টাইন কোচকে।