ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম
X

র‍্যাবের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি নারায়ণগঞ্জের মাসদাইর দাতা সড়ক এলাকার হারুনের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১ সদর কোম্পানি এবং কক্সবাজারস্থ র‍্যাব-১৫-এর একটি যৌথ দল মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের দাবি, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় সক্রিয় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার। তিনি কন্ট্রাক্ট কিলিংয়ের পাশাপাশি মাসদাইর, গলাচিপা বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়া অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও দাবি করেছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় মাদকের আস্তানা সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনের বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও দাবি করা হয়েছে।

গ্রেফতার হওয়া রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝