অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে পরিবহন শ্রমিকদের আকস্মিক কর্মবিরতির কারণে শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে বিআরটিসি বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংকটের সৃষ্টি হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়।
এরপর শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে ফিরে কর্মবিরতির ঘোষণা দেয়। তাদের দাবি, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে কোনো বাস চলবে না।
মানবিক কারণে অন্য জেলা থেকে আসা বাসগুলোকে রাজশাহীতে প্রবেশ এবং রাজশাহী থেকে বাইরের বাসগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে বের হওয়ার সুযোগ দেওয়া হলেও সেই সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি কর্মবিরতি শুরু হয়।
এদিকে রাজশাহী জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি হেলাল উদ্দিন বলেন, বাস বন্ধ রাখার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত মালিক সমিতি নেয়নি। শ্রমিকদের কর্মবিরতি তাদের নিজস্ব সিদ্ধান্ত। মালিক সমিতি বাস চলাচল স্বাভাবিক রাখার পক্ষেই রয়েছে।
উল্লেখ্য, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাসে রাজশাহীতে একাধিকবার বাস চলাচল বন্ধ হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বারবার দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।
-টিএস