বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের সামনে ও পেছনে একাধিক নিরাপত্তার গাড়ি চলছিল। সড়কের দুই পাশে উপস্থিত মানুষকে বাসের ভেতর থেকে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে।
ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ইট নিক্ষেপ করেছে, তা তদন্ত করছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়েছে। এটি চলন্ত কোনো যানবাহনের চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ নিক্ষেপ করেছে-বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ নিয়ে আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই।
সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার কিছু আগে তিনি গৌরনদীর বাটাজোরে পৌঁছান। দিনের বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।
-টিএস