বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানুষ তাজা প্রাণ ও রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ। জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোটের ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “তাঁকে ‘সর্বমন্ত্রী’ বলা চলে। একজন যদি সব বিষয়ে কথা বলেন, তাহলে অন্য মন্ত্রণালয় আর মন্ত্রীর কাজ কী?” তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, “মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে, পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান। বিরোধী দলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ ভাগ জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে নামব।”
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “সরকারি দলকে আহ্বান করছি, আপনারা ইতিহাসের গতিধারায় যে জাতীয়তাবাদী রাজনীতি ছিল, যে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি ছিল, সেখান থেকে দূরে সরে গেছেন। সেখান থেকে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “প্রতি বছর বন্যা, পাহাড়ধস, অতিবৃষ্টি ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষ মারা যাচ্ছে। কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কোনো কাজে আসবে না। এখনো সময় আছে, বিরোধী দলসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসে রাষ্ট্র পরিচালনার সঠিক সিদ্ধান্ত নিন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে না।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এ ছাড়া এবি পার্টির ফেনী জেলা সভাপতি মাস্টার আহসান উল্লাহ, খেলাফতে মজলিস ফেনী জেলার সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, বিডিপির ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জাগপার জেলা সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন এবং ফেনী শহর শিবিরের সভাপতি শফিকুল ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেমিনারে বক্তব্য দেন।
এটি/আরএন