টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে তিস্তার পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে। সর্বশেষ সোমবার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীটির পানি বর্তমানে বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে যেসব এলাকায় পানি প্রবেশ করেছে, সেখানে পরিস্থিতির কিছুটা অবনতিরও আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, তিস্তার পানি ও সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এমএস/আরএন