মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন, অনুমতি ছাড়া মাটি ভরাট, অবৈধ পার্কিং, যানজট সৃষ্টি এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কুলাউড়া পৌর শহর ও হাজীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের তত্ত্বাবধানে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে হাজীপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বিনা অনুমতিতে মাটি ভরাটের দায়ে কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকার আবু সুফিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে কুলাউড়া পৌর শহরে অবৈধ পার্কিং, নির্ধারিত স্ট্যান্ডের বাইরে যানবাহন রাখা, যানজট সৃষ্টি এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে ৮টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুলাউড়া থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
এসআর/আরএন