কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই জলপথ পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখন থেকে অর্থ পাবে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যমের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হতে যাচ্ছে। এত দিন যুক্তরাষ্ট্র বিনা খরচে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা দিয়ে আসছিল বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “এটি পাহারা দেওয়ার জন্য আমরা মূল্য পাব, অনেক অর্থ। তবে এই অর্থ নেওয়া হবে আমাদের নিজেদের লোককে ঝুঁকির মধ্যে ফেলার বিনিময়ে।”
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আসে। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর পর সোমবার অঞ্চলটিতে সবচেয়ে ভয়াবহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘাতের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আলোচনায় কয়েক ঘণ্টার বৈঠকের পর যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, ইরানি প্রতিনিধিরা পরে সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছেন।
ট্রাম্প বলেন, “আমরা প্রণালিটির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের কাছে কিছু নেই, তারা কিছুই পায়নি। গতকাল তাদের ১১ ঘণ্টার বৈঠক ছিল। সব বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু কক্ষ থেকে বের হওয়ার পর তারা আবার ফোন করে জানায়, দু-একটি বিষয় পরিবর্তন করতে হবে।”
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাল্টা মন্তব্য করে বলেন, অপরপক্ষ বারবার নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় তেহরানও আগের অবস্থান থেকে সরে এসেছে।
তিনি জানান, উত্তেজনা কমাতে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে।