ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
যাত্রীদের ক্ষোভ
এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরলো ফেরি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরে ঘাটে আসার ঘটনা ঘটেছে। এতে সাধারণ যাত্রী ও গাড়ি শ্রমিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

শনিবার গতকাল বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রোববার (১২ জুলাই) বিষয়টি কাছে স্বীকার করেছেন ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

তিনি বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরিয়ে আনার নির্দেশনা পাই। এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এটি সবসময়ই করা লাগে।

তবে ফেরিতে থাকা যাত্রীরা জানান, বৈরি আবহাওয়ায় ঝুঁকি নিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

বিষয়টি নিয়ে ফেরির যাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাদের জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে এসেছেন। তাকে নিয়ে নলচিরা ঘাটে যেতে হবে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এমপিকে নিয়ে গন্তব্যে যায় ফেরি।

আবুল কাশেম নামে এক যাত্রী জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে আসেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি ফেরিতে নদী পার হয়ে হাতিয়া যাবেন, তাই ফেরি পুনরায় ঘাটে আনতে বাধ্য করেন।

সুমাইয়া আক্তার নামে এক যাত্রী জানান, বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছিলাম। ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। প্রথমে মনে করেছি সিগনাল খারাপ। কিন্তু পরে ঘাটে গিয়ে দেখি এমপি হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষুব্ধ এক যাত্রী বলেন, ‘এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি, আর অন্যদিকে এমপি তার ক্ষমতা দেখালেন। যদি আবহাওয়া আরও খারাপ হয়ে যেত, তাহলে হাতিয়া যাওয়া আমাদের অনিশ্চিত হয়ে পড়ত। তাছাড়া ফেরি ঘুরে আসতে যে সময় লেগেছে, ততক্ষণে আমরা নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছে যেতাম।’

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আবার এমপিকে নিয়ে গন্তব্যে চলে যায়।’

ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন, ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝