ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুস্থ হয়ে আবাসস্থল সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম
X

চোরা শিকারির ফাঁদে আটকা পড়ে আহত হওয়া বাঘিনীকে দীর্ঘ চিকিৎসার পর আবারও সুন্দরবনে অবমুক্ত করা হবে। বাংলাদেশের ইতিহাসে আহত বাঘ উদ্ধার, চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম।

আগামীকাল রবিবার (১২ জুলাই) সকালে সুন্দরবনের আন্দারমানিক সংলগ্ন এলাকায় বাঘিনীটিকে ছেড়ে দেওয়া হবে। অবমুক্তির পর তার গতিবিধি পর্যবেক্ষণ এবং সুন্দরবনের অন্য বাঘের অবস্থান ও পরিস্থিতি জানতে ইতোমধ্যে ২০টি ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়েছে।

রবিবার ভোরে খুলনার চিকিৎসা কেন্দ্র থেকে বাঘিনীটিকে মোংলায় আনা হবে। পরে লঞ্চযোগে নেওয়া হবে সুন্দরবনে। সব প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিতিতে বাঘিনীটিকে অবমুক্ত করা হবে।

এর আগে গত ৪ জানুয়ারি মোংলার জয়মনি সংলগ্ন সুন্দরবন এলাকায় ফাঁদে আটকা পড়া অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করে বন বিভাগ।

সুন্দরবন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো. মোফিজুর রহমান চৌধুরী জানান, রবিবার সুন্দরবনের মুক্ত বাতাসে নিজের পরিচিত পরিবেশে ফিরছে সেই বাঘিনী। চলতি বছরের ৪ জানুয়ারি উদ্ধারের সময় শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে তার বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষত এতটাই গভীর ছিল যে হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সে সময় অনেকেই হয়তো তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন।

তবে বন বিভাগের তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড এবং বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ছয় মাসের নিরলস পরিশ্রম, যত্ন ও নিবিড় চিকিৎসায় বাঘিনীটি এখন সম্পূর্ণ সুস্থ। আগের মতোই স্বাভাবিক ও চঞ্চল হয়ে উঠেছে সে।

সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের চেনা অরণ্য সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী। নতুন পরিবেশে তার নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে ইতোমধ্যে বিচরণ এলাকার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ক্যামেরা ট্র্যাপ স্থাপন করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো অসুস্থ বাঘ উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হচ্ছে। এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি ঐতিহাসিক ও গৌরবময় অধ্যায়।

গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে প্রায় ১০ বছর বয়সী এই বাঘিনী। পরদিন ৪ জানুয়ারি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন বিভাগ। ফাঁদে আটকে থাকার কারণে বাঘিনীটির সামনের বাম পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝