মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অতীতে বিভিন্ন ক্ষেত্রে হওয়া অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং যেখানে অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থবছরের শেষ পর্যায়ে দায়িত্ব গ্রহণ করায় পূর্বনির্ধারিত বাজেট কাঠামোর মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। তবে অতীতে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে সব কার্যক্রম যেন স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বিএলআরআইয়ের পোল্ট্রি গবেষণা প্রকল্পে উটপাখি ক্রয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তদন্ত শেষ হলে ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএলআরআইয়ের গবেষণার মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় কমানো এবং ভোক্তাপর্যায়ে দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, বিএলআরআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা।
ওএফ/এসআর