মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে এবং কী কারণে মরদেহটি বস্তাবন্দি করে বাথরুমে রাখা হয়েছিল, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসএস/আরএন