বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের পরাজয় এবং এই বিশ্বকাপ থেকে নেইমারের বিদায়ের ঘোষণা মেনে নিতে পারছে না অনেক সমর্থকরা। তেমনই এক সমর্থক ব্রাজিলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের এক ঘণ্টা পর চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিহত হন।
নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। গতকাল রোববার রাতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় নিয়ে আজ সকালে ফেসবুকে পোস্ট করেন। প্রিয় খেলোয়াড় নেইমারের জন্য তার কষ্টের বিষয়টি তুলে ধরেন।
জুয়েল বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা সদরে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে জুয়েল রানা লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। ওই পোস্টের কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
এসআর