ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম
X
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাংবাদিক সালাহউদ্দিন শুভর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সালাহউদ্দিন শুভ দৈনিক কালের কণ্ঠ–এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক ডেইলি অবজারভার–এর কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডি সূত্রে জানা যায়, “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া ০০৩২” নামে দুটি ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম নষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সাংবাদিক সালাহউদ্দিন শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো এ অপপ্রচার শুধু তার ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও জানান, এ ঘটনায় গত ৭ জুন ২০২৬ তারিখে কমলগঞ্জ থানায় জিডি করা হয়েছে। নম্বর-২৯৫।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ও ভুয়া কনটেন্ট ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এখন নতুন ধরনের সাইবার অপরাধ হিসেবে দেখা দিচ্ছে, যা সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্যও হুমকি।

সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার ক্রাইম ইউনিটকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আইনগত পদক্ষেপ, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement