Monday | 22 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 22 June 2026 | Epaper
BREAKING: আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী      বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়      দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে, সেটা ভাবুন: প্রধানমন্ত্রী      কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই      কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      অর্থনীতিবিদ আবুল বারকাত কারামুক্ত       

শিবির নেতাকে হত্যার ঘটনায় যুবদল নেতার বাড়িতে আগুন, আটক ১

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ২৩)

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরই হামলায় জড়িত থাকার অভিযোগে যুবদল কর্মী আশরাফ নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) পবিত্র কুমার। 

স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের অভিযুক্ত যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশের বাড়িতে রাত ৮টার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় সাঘাটা ফায়ার সার্ভিস।

অভিযুক্ত মোকলেছুর রহমান মুকুল ও পলাশ আপন দুই ভাই। তারা ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক আশরাফ খন্দকার (৩৬) একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল কর্মী। 

সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তোফাজ্জাল হোসেন বলেন, '২২ সদস্যের একটি টিম আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।'

ওসি পবিত্র কুমার বলেন, 'খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে, খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবির। রোববার রাত ১০টার দিকে বিভিন্ন স্লোগানে গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক মোড়ে এসে সমবেত হন। এ সময় জামায়াত নেতাকর্মীরাও সেখানে অংশ নেন। এছাড়া, সোমবার বেলা ১১টার দিকে গাইবান্ধা ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির জেলা শাখার নেতৃবৃন্দ।

হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলকে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া বাজারের (উপজেলার দক্ষিণ গেটে) চারমাথা মোড়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুলের সঙ্গে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল তার ভাই পলাশ, আশরাফ ও রবিউলকে সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহর গলা ও ঘাড়ে আঘাত করে। এতে সাইফুল্লাহ বারীর প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। সাইফুল্লাহ বারীকে রক্ষা করতে সালাউদ্দিন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন মুকুল ও তার সঙ্গীরা। 

স্থানীয়রা গুরুতর আহত সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে স্থানীয়রা প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং শিমুলতাইড় গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন হাবিবুর রহমানের ছেলে। আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী। 

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close