খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতিলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। পরে খালের পাড়ে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
৪৮ বছর আগে, ১৯৭৯ সালের নভেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিএমখালীতে এসে কোদাল দিয়ে মাটি কেটে পাতিলী খাল খননকাজের সূচনা করেছিলেন। তখন এই খালের সেচসুবিধার আওতায় আসে প্রায় ১২ হাজার হেক্টর অনাবাদি জমি। সে সময় জিয়াউর রহমান খালের পাড়ে একটি খেজুরগাছ রোপণ করেন, যা কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে।
পাতিলী খালের দৈর্ঘ্য ৮ কিলোমিটার। খালটি পুনঃখনন করা হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে বলে জানান সংসদ সদস্য কাজল।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ অপেক্ষা করছিলেন।
প্রধানমন্ত্রী পাতিলী খাল পুনঃখননের উদ্বোধন শেষে খালের পাশে নির্মিত অস্থায়ী মঞ্চে উঠে গ্রামবাসীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেখানে আয়োজিত সুধী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।
এসইউ/আরএন