২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এতে সিম আরও কম দামে কেনা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে (আইসিটি) একটি থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি। তাই এ খাতের বিকাশে সরকার ক্রমান্বয়ে করের হার যৌক্তিক পর্যায়ে কমানোর উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি সিমের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।