নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। তারা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারকারী বাবর মিয়া বলেন, 'ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ছয় জন যাত্রীর মধ্যে তিন জন নিহত হন। বাকি তিন জন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন বলেন, 'দুর্ঘটনায় আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হই তাদের মধ্য থেকে দু'জন মারা গিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।'
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, 'দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আরও দু'জন মারা গিয়েছে বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে নিহত বাকি দু'জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।'
এমএ