Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

আগামীকাল চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৬৬)

আজ মঙ্গলবার শেষ হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আগামীকাল বুধবার (২৭ মে) ফজরের নামাজের পর থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল আজহার নামাজের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরপর আল্লাহর নামে পশু কোরবানি দেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জসহ চাঁদপুরের প্রায় ৪০ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা।

এদিন সকালে সাদ্রা ঈদগাহ মাঠে ঈদের জামাতের ইমামতি করবেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা মুফতি জাকারিয়া আল মাদানী। এছাড়া অন্যান্য মসজিদের ঈদের জামাতে ইমামতি করবেন মেজো হুজুর মাওলানা আবু বকর মো. ইসমাইল, সেজো হুজুর মাওলানা আবুল খায়ের, মাওলানা আরিফুর রহমান সাদ্রাভীসহ অন্যান্য সাহেবজাদারা।

জানা গেছে, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা উদযাপন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের প্রায় ৪০ গ্রামের মানুষ আগাম রোজা ও ঈদ পালন করে আসছেন। তবে তারা বলছেন, সৌদি আরব নয়, চাঁদ দেখার ওপর নির্ভর করেই তারা রোজা ও ঈদ পালন করেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, প্রতাপপুর, শমেসপুর, বলাখাল, দক্ষিণ বলাখাল, নিলাম বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলিপুর, উচ্চঙ্গা, বেলচোঁ, সেন্দ্রা, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, কাঁঠালি; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী ও নয়ারহাট; মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির কয়েকটি গ্রামে এভাবে ঈদ উদযাপন করা হয়। এছাড়া চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানেও মাওলানা ইসহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।

এছাড়া চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসেবে মতলব উত্তরের পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী, দক্ষিণ মাথাভাঙ্গা, আমিয়াপুর, মধ্য ইসলামবাদ, গাজীপুর, মধ্য এখলাছপুর (বড়ইকান্দি), ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়ার অনেক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

তবে এসব গ্রামের অনেকেই আবার দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকেন। স্থানীয়রা জানান, উল্লেখিত গ্রামের সবাই হাজীগঞ্জের সাদ্রা ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী নন। যারা অনুসারী, শুধুমাত্র তারাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা পালন করেন।

এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের দায়িত্বশীল মাওলানা আরিফুর রহমান সাদ্রাভী ও ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী সংবাদকর্মীদের বলেন, “সৌদি আরব নয়, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এবং চাঁদ দেখার ওপর নির্ভর করেই আমরা রোজা পালন ও ঈদ উদযাপন করে থাকি।”

বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলেই তারা রোজা পালন ও ঈদ উদযাপন করেন উল্লেখ করে তারা জানান, আগামীকাল (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এমইউ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close