নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিছার বাসায় যাবার সময় প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরীর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'শিশু রামিছাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মত করে সেই বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সে দিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।'
তিনি বলেন, 'সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসরে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ শুরু করলো ঠিক তখনি সংকট দূর হয়ে গেল। তাহলে কারা এসব করতো পরিস্কার হয়ে গেছে।'
ফরহাদ হোসেন বলেন, 'সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।'
অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান,বিএনপি নেতা ইউনুস সেখ, আব্দুল্লাহ আল মামুন রনিক।
এ সময় পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআই/এমএ