নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত শান্তকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলে করে দুই তরুণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই সালমান মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তবে বিস্তারিত ঠিকানা এখনো যাচাই করা হচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এসআর