গোপালগঞ্জে ব্যাটারী চালিত রিকশা চুরির অভিযোগে আল-আমিন শেখ (৩০) নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আল-আমিন শেখ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাতে বলেন, 'কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারী চালিত রিকশা ভাড়ায় চালাতো আল-আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিনকে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। সে সময় আল-আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।'
তিনি বলেন, 'স্থানীয়রা এসে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছে।'
এমএইচ/এমএ