আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ধাপে ধাপে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের নাম তালিকাভুক্তির জন্য জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে, যা বছরে ৩০ হাজার টাকার সমান।
নারী উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে পরিবারে আর্থিক চাপ কমবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাতৃস্বাস্থ্য সেবার মান বাড়াতে এবং নরমাল ডেলিভারি সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত এবং বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিএবি/ এসআর