📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৯ পিএম
X Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের জামাল্দী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী।

এসময় তিনি বলেন, সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল পৌনে ৮টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, “খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কর্মসূচি। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। খাল খননের মাধ্যমে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “খাল খননের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষির উন্নয়ন ও পরিবেশগত উন্নয়ন হচ্ছে। দীর্ঘদিন পর আমরা নতুনভাবে এ উদ্যোগ হাতে নিয়েছি। ভবিষ্যতেও আরও খাল খনন কার্যক্রম শুরু হবে।”

খাল খননে প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, “যেসব স্থানে বড় অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।”

পরে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন এবং নদীতে কলকারখানার বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী এবং উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম প্রফেসর গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম (ভিপি মাসুম), জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামউজ্জামান চৌধুরী তপন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন সরকার, যুবদল নেতা মাসুম আহমেদ, রেজাউল করিম তারেক, এবাদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএইচ/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: district@dailyobserverbd.com, news@dailyobserverbd.com, advertisement@dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd@gmail.com
🔝