মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার রিকাবীবাজার এলাকায় এ অভিযান চলে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।
অভিযানকালে ফুটপাত দখল করে স্থাপিত সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এর ফলে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকানদারদের ভবিষ্যতে ফুটপাতে কোনো ধরনের দোকান বা স্থাপনা না বসানোর বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে পরিচালিত এ অভিযানে মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএইচ/আরএন