মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমানো প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন পিকআপচালক নাজমুল মিয়া (৫০)।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজমুল মিয়া আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাজমুল মিয়া কর্মস্থলে যান। পরে তার স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা লাগিয়ে বের হন। কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে স্টিলের সিন্দুকের ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে রাখা নগদ টাকা নেই।
নাজমুল মিয়া বলেন, “পিকআপ চালিয়ে অনেক কষ্টে মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। সিন্দুকে রাখা ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব, বুঝতে পারছি না।”
স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, ঘটনার পর থেকে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
এসএস/এসআর