নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে) দিনগত রাত ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯) এবং বরিশালের গৌরনদী উপজেলার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।
রোববার (৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলার বিচার শেষে নারায়ণগঞ্জ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন।
র্যাব-১১ আরও জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এসএস/এসআর