বাগেরহাটের মোংলার দ্বিগরাজ এলাকায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সোয়া চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মুদি, ইলেকট্রনিক্স, মোবাইল ও চায়ের দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার স্থান মোংলা ইপিজেড এলাকার কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, পুড়ে যাওয়া ৮টি দোকানে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেইউ/আরএন