নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে পৃথক স্থানে একদিনে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
নিহতরা হলেন—মৎস্য শিকারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আবদুল মোতালিব (৫৫), খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বড়রিয়া পাড়ার নেকবর খানের ছেলে মো. মোনায়েম খান ওরফে হালান মিয়া (৫৫), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেচরা আকনা দিগিরচর গ্রামের আফিকুল মন্ডলের ছেলে মো. শুভ মন্ডল (৩৫)।
জানা গেছে, নেত্রকোনার জগন্নাথপুরের গোদারা (ফেরি) ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে প্রাণ হারান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আবদুল মোতালিব।
এরপর, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের মো. মোনায়েম খান ওরফে হালান মিয়া গ্রামের সামনে জাঙ্গালিয়া হাওরে ফসলি জমিতে কাজ করার সময় একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মারা যান।
এ ছাড়া খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের গোপেশ চন্দ্র সরকারের বাড়ির সামনে হাওরে বোরো ধান কাটার সময় বেলা পৌনে দুইটার দিকে বজ্রপাতে সিরাজগঞ্জের মেচরা আকনা দিগিরচর গ্রামের কৃষি শ্রমিক মো. শুভ মন্ডল মারা যান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজন মারা গেছেন। একজনের বাড়ি খালিয়াজুরীতে, একজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এবং অপরজনের বাড়ি সিরাজগঞ্জে। খালিয়াজুরীর যিনি মারা গেছেন, তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। বাকি দুইজনকে তাদের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের সহায়তা করা হবে।
এসআই/আরএন