ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পূর্বধলায় ১,০৫০ লিটার তেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম
X

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পাচারের সময় ১,০৫০ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে এবং ডিজেল জব্দ করে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে একটি কভার ভ্যানে পাঁচটি ড্রামে করে প্রায় ১,০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা যানবাহন দুটি আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রায় প্রতিদিনই রাতের বেলায় গোপনে তেল পাচার করা হয়। ভোরে ডিজেল পরিবহনের সময় জনতার সন্দেহ হলে তারা বিষয়টি নিশ্চিত হয়ে জ্বালানি জব্দ করে।

আটক কভার ভ্যান (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) থেকে মোট ১,০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫)। তারা তিনজনই গাড়ির চালক; মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান ফকির (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত ডিজেল স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর নজরদারি চালানো হবে।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই চালক হওয়ায় আদালতের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গিরিপথ ফিলিং স্টেশনের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি পাচারের একাধিক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ও বুধবার (২২ এপ্রিল) ভোরে এই পাম্প থেকে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল বিতরণের অভিযোগ ওঠে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, ট্যাগ অফিসার ও প্রশাসনের অনুপস্থিতিতে পাম্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে পেট্রোল বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যানেজার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিয়েছেন।

তবে এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান ফকির দাবি করেন, ভোররাতে একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জ্বালানি পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝