নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান এক চালক। পরে স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালককে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় প্রাইভেট কারটি উদ্ধার করেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাফিজুল ইসলাম।
তিনি জানান, গাড়ির মালিক আগেই নেমে গিয়েছিলেন। ফেরিতে গাড়িটি তোলার সময় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে উঠে আসেন চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে।
গাড়ির চালক জাকির হোসেন বলেন, “গাড়ির গিয়ার বক্সে সমস্যা ছিল। ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। পরে গাড়ির গ্লাস খুলে বের হয়ে আসি। এসময় হাত ও পায়ের কিছু জায়গায় কেটে গেছে। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।”
এসএস/আরএন