ভোজ্য তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রয় ও ওজনে কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯।
রোববার (১২ এপ্রিল) জেলা সদরের জগৎবাজার এলাকায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা প্রদর্শন না করা দণ্ডনীয় অপরাধ। এসব অনিয়ম রোধে সংস্থাটি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে।
অভিযানে অতিরিক্ত ভোজ্য তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে মো. মাজু মিয়াকে ৩০ হাজার টাকা, ধনঞ্জয় সাহাকে ২০ হাজার টাকা এবং কৃষ্ণ পদ সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসআরএস/এসআর