প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ দেশে শিক্ষার কোনো উন্নতি হয়নি। এত বছর কোনো ভিশন ছিল না বলেই এমনটি হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভিশন বাস্তবায়নে সবাইকে একত্রে কাজ করতে হবে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আজ আমাদের দেশে এইচএসসি পাস করার পর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লটারির মতো পরিস্থিতি তৈরি হয়। আমাদের লক্ষ্য খুব সীমিত হয়ে গেছে—কমপক্ষে ৬৫ শতাংশ শিক্ষার্থী যেন ভালোভাবে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে ভবন নির্মাণ করছি, কিন্তু ভেতরে শিক্ষা কতটা হচ্ছে? কারিকুলাম, ক্লাসরুম ও কনটেন্ট—সবকিছুর মান নিশ্চিত করতে হবে। সঠিক শিক্ষক যেন ক্লাসরুমে থাকেন, তা নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষকরা এগিয়ে আসবেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদলাবে। সেই দিন শেষ, যখন ওপর থেকে বসে একতরফা সিদ্ধান্ত নেওয়া হতো। আপনারা শিক্ষকরা দায়িত্ব নিন। আমরা একসঙ্গে কাজ করব। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এর জন্য অগ্রণী ভূমিকা রাখতে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি। শিক্ষার মান যেন উন্নত হয়, সে জন্য মন্ত্রীরা কাজ করছেন। বাংলাদেশে শিক্ষার মান কিছুটা কমে গেছে। সরকার ভবন ও সুন্দর অবকাঠামো নির্মাণ করতে পারে, কিন্তু মেধাবী শিক্ষার্থী তৈরি করতে পারে না—এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রূপগঞ্জের কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে জন্য যা প্রয়োজন, আমি ও আমার দল তা বাস্তবায়ন করব। নতুন ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, আমরা তা সফলভাবে করতে পারব।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসএম/আরএন