ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ঝুট নামানো নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে মাদরাসাছাত্র গুলিবিদ্ধ, আহত ১০
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে রাকিব হোসেন নামে এক যুবক এবং ইমরান হোসেন নামে এক মাদরাসাছাত্র গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন— ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব (২২) এবং মাদরাসাছাত্র ইমরান হোসেন (১২)। এছাড়া ইটপাটকেলে আহত হয়েছেন খোকা মিয়াসহ আরও ৮ জন। আহতদের বাকি নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ নামে একটি পোশাক কারখানায় গত ৫ আগস্টের পর থেকে যুবদলের অভি-মনির গ্রুপ ঝুট নামিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা খোকা মিয়া এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ তার সমর্থকদের নিয়ে ওই কারখানায় ঝুট নিতে গেলে অভি তাদের বাধা দেন।

এ সময় এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা, থানা যুবদলের আহ্বায়ক মাসুদ এবং ইউনিয়ন যুবদলের অভি-মনির দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে খোকা-মাসুদ গ্রুপের রাকিব এবং পথচারী মাদরাসাছাত্র ইমরান হোসেন গুলিবিদ্ধ হন। গুলি ও বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা ঘরের দরজা-জানালা বন্ধ করে আতঙ্কে অবস্থান নেন।

এ সময় পেটে গুলিবিদ্ধ হয়ে মাদরাসাছাত্র ইমরান কিছু সময় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন। পরে স্থানীয়রা তাকে ও রাকিবকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার বাবা আসমাউল হোসেন। তিনি জানান, ইমরানের বুকের নিচের অংশে গুলি লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং জরুরি রক্তের প্রয়োজন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানান, চাঁদনী হাউজিং এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ কারখানার ঝুট জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি গ্রুপের অভি তার দলবল নিয়ে নামাতেন। গত কয়েকদিন ধরে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ, এনায়েতনগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়া এবং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ ওই কারখানায় ঝুট নামাতে বাধা দিয়ে আসছিলেন।

এ নিয়ে উভয় পক্ষই দেশি-বিদেশি অস্ত্র মজুত করে সকাল থেকেই গার্মেন্টসের দুই পাশে অবস্থান নেয়। এলাকাবাসীর দাবি, এত আগ্নেয়াস্ত্র ফতুল্লায় প্রকাশ্যে আগে কখনো দেখা যায়নি। তাদের ভাষ্য, দুই পক্ষের মুখোমুখি ‘বন্দুকযুদ্ধ’ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝