ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালের ওপর কালভার্টের অভাবে কেন্দুয়ায় দুর্ভোগ, নির্মাণের দাবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম
X

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের বাজুপাড়া খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত একটি টেকসই বক্স কালভার্ট নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মো. ছদু মিয়ার বাড়ির সামনে দিয়ে প্রবাহিত খালটির ওপর কোনো স্থায়ী কালভার্ট না থাকায় প্রতিদিনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। খালটি আশপাশের কয়েকটি হাওরের পানি বহন করে পাটকুরা নদীতে গিয়ে মিশে। ফলে বর্ষা মৌসুমে পানির চাপ বৃদ্ধি পেলে এ পথে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়।

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে দ্রুত একটি টেকসই কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

স্থানীয় সাইমুন মিয়া বলেন, বর্ষা এলেই চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বাবুল মিয়া জানান, জরুরি সময়ে রোগী নিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। লালন মিয়া বলেন, এখানে একটি স্থায়ী কালভার্ট নির্মাণ হলে এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমবে। তপন শাহা বলেন, শিক্ষার্থীদের জন্য পথটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লিটর বম্মন জানান, বর্ষায় পানির চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হয়। শাহজাহান দ্রুত কালভার্ট নির্মাণের দাবি জানান।

এলাকাবাসীর পক্ষে কান্দিউড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালের ওপর কালভার্ট প্রয়োজন হলে তা নির্মাণ করা হবে।

স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করবে।

এইচকে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝