নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় ৪ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) শিশু ধর্ষণ দমন আদালত নারায়ণগঞ্জের বিচারক মো. মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকী সকল কারাদন্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২৩ সালের ১ এপ্রিল কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে এই শিশুকে ধর্ষণ করে আসামীরা। এই ঘটনায় ভিকটিম শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।
এসএস/এসআর