বাগেরহাটের মোংলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে প্রায় সোয়া লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোংলা উপজেলা প্রশাসন।
অভিযানের বিচার কার্য পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগে মো ইউছুবকে ৬০ হাজার টাকা, জামাল স্টোরকে ৫০ হাজার টাকা, শোভা স্টোরকে ১৫ হাজার টাকা এবং মোটরযান আইনের লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠান এবং মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট জরিমানা আদায় করা হয় ১ লক্ষ ২৬ হাজার টাকা।
মোংলা উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নওসীনা আরিফ জানান, জ্বালানি তেলের গুদামজাতকরণ রোদে করা হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেইউ/আরএন