ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রশাসনের তৎপরতায় বাগমারায় স্বাভাবিক হয়েছে তেল সংগ্রহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম
X

রাজশাহীর বাগমারায় এপ্রিল মাসের প্রথম তিন দিনে অভিযান পরিচালনার মাধ্যমে ২৭টি মামলা ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির কারণে তেল সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অভিযানের সময় উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের লাইনে মোটরসাইকেল ও গাড়ির বৈধ লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হলে মূহুর্তেই দীর্ঘ লাইন ফাঁকা হয়ে যায়। পরে বৈধ কাগজপত্রধারীদের মাঝে তেল বিতরণ করা হয়।

এই তিন দিনে উপজেলার ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারী ফিলিং স্টেশন, হাটগাঙ্গপাড়া ফিলিং স্টেশন এবং মচমইল বাজারের সোহেল ফিলিং স্টেশনে তেল বিক্রির মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ভূঞা বৈধ কাগজপত্র না থাকায় গাড়ির মালিকদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা ও জরিমানা করেন। অভিযানে ২৭টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা এবং ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর ফলে যাদের গাড়ির বৈধ কাগজপত্র নেই তারা লাইনে দাঁড়ায়নি, যার ফলে লাইনে চাপ কমেছে।

এছাড়াও অবৈধভাবে তেল মজুদ করার কারণে জরিমানা আদায় এবং পাহারা বসিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

গত ২৩ মার্চ উপজেলার শিকদারি বাজারের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একই দিন রাতে হাটগাঙ্গপাড়া ফিলিং স্টেশনে তাঁর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ফিলিং স্টেশনগুলোতে জরিমানা পাশাপাশি খুচরা দোকানে তেল বেশি দামে বিক্রয় রোধের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ফলে বাগমারায় তেল সরবরাহ অনেকাংশে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

শিকদারি বাজারের মুদি ব্যবসায়ী জাহিদ সরদার বলেন, কয়েক দিন আগে তেলের কিছুটা সমস্যা ছিল, এখন এই ফিলিং স্টেশনে নিয়মিত তেল পাওয়া যাচ্ছে। মিজান শেখ নামের একজন বাইক চালকও নিয়মিত তেল পাওয়ার কথা জানান। পার্শ্ববর্তী মাঝগ্রামের মমতাজ প্রাং নামের একজন কৃষক তার ডিজেল চালিত ইঞ্জিনের জন্য এই পাম্প থেকে তেল নেওয়ার কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক রোকেয়া ফিলিং স্টেশনের একজন কর্মচারী বলেন, কয়েক দিন আগে ফিলিং স্টেশনটি মাঝে মাঝে বন্ধ রাখা হতো। কিন্তু ইউএনও স্যারের অভিযানের পর থেকে সবসময় খোলা রাখা হচ্ছে। যতক্ষণ পাম্পে তেল থাকে, ততক্ষণ দেওয়া হচ্ছে।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বৈশ্বিক কারণে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করতে চেয়েছিল। আমরা অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করেছি। উপজেলার চারটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রয়েছে এবং ট্যাগ অফিসারদের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝