খুলনার রূপসায় বাসের ধাক্কায় লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত নারীর স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত ওই নারী খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার লিলি কুন্ডু বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখানোর পর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে (খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫) বাড়ি ফিরছিলেন। পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ফলে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নিহতের স্বামীকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস/আরএন