ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খড়মপুর বাইপাস চৌরাস্তা থেকে নারায়ণপুর বাইপাসগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সুবল চন্দ্র দাস (৫২) ঘটনাস্থলেই মারা যান। তিনি আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। একই সঙ্গে অটোরিকশার অজ্ঞাতনামা চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক কাউছার মিয়া (৩২)-কে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি আশুগঞ্জ উপজেলার ছড়ছাড়তলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআরএস/ এসআর