সুন্দরবনে হরিণ শিকারিদের একটি অপচেষ্টা নস্যাৎ করেছেন বনরক্ষীরা। সোমবার দুপুরে দুবলার আলোরকোল বনাঞ্চলে দেড় কিলোমিটারজুড়ে পেতে রাখা হরিণ ধরার ফাঁদ এবং ফাঁদে আটকে থাকা একটি শিংওয়ালা বড় হরিণ (শিংগাল হরিণ) উদ্ধার করেছেন তারা। উদ্ধারকৃত হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-২-এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (২৩ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল টহল ফাঁড়ির মাঝেরখাল এলাকায় হেঁটে টহল দেওয়ার সময় বনের ভেতরে দেড় কিলোমিটার এলাকাজুড়ে শিকারিদের পেতে রাখা মালা ফাঁদ দেখতে পান। এ সময় একটি বড় শিংগাল হরিণকে ফাঁদে আটকে থাকতে দেখা যায়। পরে বনরক্ষীরা দা দিয়ে ফাঁদ কেটে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেন। পাশাপাশি বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়। বনরক্ষীরা জানান, চোরাশিকারিরা হরিণ ধরার উদ্দেশ্যে এসব ফাঁদ পেতে রেখেছিল।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ শিকারিদের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। একটি হরিণের জীবন রক্ষা পেয়েছে। এই ফাঁদগুলো উদ্ধার না হলে আরও হরিণ ধরা পড়তে পারত। ঈদকে সামনে রেখে সুন্দরবনে বনরক্ষীদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এসএস/আরএন