ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দখল ও দূষণের কবলে তিতাস ও বুড়ি নদী, দেখার কেউ নেই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৪৬ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের তিতাস নদীতে প্রতিনিয়ত ফেলা হচ্ছে এলাকার সব ধরনের বর্জ্য। নদীর পাড়ে সেই বর্জ্যের ওপর বালি ফেলে জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন এলাকার প্রভাবশালীরা। এভাবে দিনের পর দিন দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়েছে এক সময়ের খরস্রোতা তিতাস নদী। একইভাবে, প্রতিনিয়ত বর্জ্য ফেলায় বিলীন হয়ে যাচ্ছে তিতাস নদীর শাখা হিসেবে পরিচিত বুড়ি নদীটিও।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে বর্জ্য ফেলার কারণে আমাদের প্রিয় তিতাস নদী মারাত্মক দূষণের শিকার হচ্ছে। অনেক প্রতিবাদ করা হলেও দখল ও দূষণ বন্ধ করা যাচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে তিতাস ও বুড়ি নদী অন্যতম। এই নদীদ্বয়কে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৌর সদরে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা গড়ে উঠেছে।

প্রতিদিন নবীনগর সদর বাজারের ফল ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ এবং বসতবাড়ির বাসিন্দারা ময়লা-আবর্জনা বোঝাই করে তিতাস ও বুড়ি নদীতে ফেলছেন। নদীর পাড়ে এভাবে ময়লা ফেলার কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে এবং পাড়জুড়ে গড়ে উঠছে নতুন নতুন অবৈধ স্থাপনা।

এভাবে দখল ও দূষণ চলতে থাকলে এক সময় তিতাস ও বুড়ি নদীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তখন হয়তো শুধু বইয়ের পাতায়ই পাওয়া যাবে এই নদীগুলোর নাম।

দেখা যায়, নবীনগর সদরের তিতাস নদীর বিস্তীর্ণ এলাকা বর্জ্য ফেলে দখল করা হয়েছে। আরও দখলের উদ্দেশ্যে প্রতিদিন নদীর পাড়ে ফেলা হচ্ছে নতুন নতুন বর্জ্য।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় বর্ষা মৌসুমে যত দূর চোখ যেত, তত দূর পর্যন্ত এই নদীর বিস্তৃতি দেখা যেত। কিন্তু এখন নদীর পাড়জুড়ে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। চারদিকে এখন শুধু দখল আর দখল। ময়লা ফেলে দখলদারদের সুবিধা করে দিচ্ছেন বাজারের বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও কিছু বাসিন্দা। প্রতিদিন নদীর পাড়ে ফেলা এসব বর্জ্য শেষ পর্যন্ত নদীতেই গিয়ে পড়ছে। বর্তমানে বর্জ্য ও প্রভাবশালীদের দাপটে নদীর অস্তিত্ব হুমকির মুখে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান বলেন, নদী দখল ও দূষণ দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আমরা কয়েকবার অভিযান পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করবো। নদী রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝