ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ীতে গত দুই দিন ধরে হঠাৎ করে রাতের বেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এলাকার মানুষের ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে বেশ কয়েকটি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর উপজেলা প্রশাসন শুকনো খাবার বিতরণ করেছে। এর আগে গত শনিবার ও রোববার রাতে উপজেলা জুড়ে হঠাৎ করে প্রবল বেগে ঝড় ও শিলাবৃষ্টি হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড় গ্রাম।

ক্ষতিগ্রস্ত উপজেলার সিঙ্গুয়ারপাড় গ্রামের বাসিন্দারা জানান, শনিবার রাতে তারাবির নামাজের সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কাঁচা, টিনশেড ও আধাপাকা ঘরবাড়ি। নালিতাবাড়ী শহরে বাসাবাড়ির ইটের বাউন্ডারি দেয়াল ধসে পড়ে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রূপনারায়নকুড়া ইউনিয়নের সিঙ্গুয়ারপাড় গ্রাম। এ গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অনেকের বাড়ির টিন গাছের ডালে এমনকি পাশের গ্রাম পর্যন্ত উড়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। রোববার রাতেও একইভাবে ঝড়-বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। এতে মানুষের ঘরবাড়িসহ ফলজ ও কাঠগাছ ভেঙে পড়ে।

ওই এলাকার দিনমজুর মো. মফিজুল ইসলাম বলেন, ইফতারের দাওয়াতে স্বপরিবারে তিনি অন্য জায়গায় গিয়েছিলেন। রাত আটটার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হলে তারা আত্মীয়ের বাড়িতেই আটকা পড়েন। ঝড়-তুফান শেষ হওয়ার পর বাড়ি ফিরে দেখেন তার ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। এখন তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এমন ঝড়ের কবলে তারা কোনো দিনই পড়েননি। হঠাৎ করেই ঝড় এসে ঘরবাড়িসহ জীবনের সবকিছু যেন এলোমেলো করে দিয়েছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুল হক জানান, আকস্মিক এই ঝড়ে শুধু ঘরবাড়িই নয়, ওই এলাকার গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে।

রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আল মামুন জানান, খবর পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।

এদিকে, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মশিউর রহমান জানান, শিলাবৃষ্টিতে বোরো আবাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সবজি ও ভুট্টা আবাদের কিছুটা ক্ষতি হয়েছে। এ নিয়ে আমরা কৃষকদের পাশে থেকে পরামর্শ দিচ্ছি।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজুয়ানা আফরীন বলেন, সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝