Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: আদ্ দ্বীন মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী      আরও এক মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি      আশুরা: চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার      বাড়লো স্বর্ণের দাম       ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      

ঈদ কেনাকাটায় ডিসকাউন্ট আর ফিক্সড প্রাইজের ফাঁদ: ভোক্তা সুরক্ষায় কতটা কার্যকর ব্যবস্থা?

প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৪৫)

ঈদ সামনে এলেই বাংলাদেশের বাজারগুলো যেন নতুন এক প্রাণ ফিরে পায়। রাজধানী থেকে জেলা শহর, উপজেলা থেকে গ্রামীণ হাট—সবখানেই শুরু হয় উৎসবের আমেজে কেনাকাটার ঢল। নতুন পোশাক, জুতা, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী—সবকিছু ঘিরে জমে ওঠে ব্যস্ততা। পরিবার, সন্তান, স্বজনদের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটায় মেতে ওঠেন। কিন্তু এই আনন্দঘন উৎসবমুখর সময়েই অনেক সময় ভোক্তাদের জন্য অপেক্ষা করে এক অদৃশ্য ফাঁদ—“ফিক্সড প্রাইজ” নামের প্রতারণা।

বাংলাদেশের বিভিন্ন শপিংমল, মার্কেট এবং ব্র্যান্ড শপগুলোতে এখন প্রায় সর্বত্রই দেখা যায় বড় বড় অক্ষরে লেখা—“ফিক্সড প্রাইজ”, “দামাদামি নিষেধ”, কিংবা “একদাম”। শুনতে এটি স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্যের প্রতীক মনে হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এটি হয়ে উঠেছে ভোক্তা প্রতারণার এক সূক্ষ্ম কৌশল। বিশেষ করে ঈদের কেনাকাটার মৌসুমে ক্রেতাদের ব্যস্ততা ও আবেগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের অস্বাভাবিক দাম নির্ধারণ করে সেটিকে “ফিক্সড প্রাইজ” বলে চালিয়ে দেন।

ঈদের বাজারে এমন ঘটনা নতুন নয়। অনেক সময় দেখা যায়, যে পণ্যটি স্বাভাবিক মূল্য ৮০০ থেকে ১০০০ টাকা। বিভিন্ন মৌসুমে সেটির দাম বাড়িয়ে ১৫০০ থেকে ১৮০০ টাকা করা হয়। কখনো আবার ২০০০ টাকার জিনিসের মূল্য লেখা হয় ৪০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ভোক্তা অধিকারের কোন নিয়ম বা আইনের তোয়াক্কা না করেই ইচ্ছে মত মূল্য বসানো হয়। এরপর দোকানের সামনে লেখা থাকে “ফিক্সড প্রাইজ”। ফলে ক্রেতা মনে করেন—এটাই নির্ধারিত মূল্য, দরদাম করার সুযোগ নেই। কিন্তু বাস্তবে এই মূল্য নির্ধারণের পেছনে কোনো স্বচ্ছতা থাকে না। এতে করে সাধারণ ভোক্তারা অজান্তেই অতিরিক্ত অর্থ ব্যয় করেন।

বাংলাদেশে ভোক্তা সুরক্ষার জন্য রয়েছে Consumer Rights Protection Act 2009। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো পণ্যের নির্ধারিত দামের বেশি নেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা কিংবা প্রতারণামূলকভাবে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী এসব অপরাধের জন্য জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বাস্তবতা হলো—আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ সব সময় নিশ্চিত করা যায় না। নাম মাত্র কিছু দোকানে জরিমানা করেই কাজ শেষ করেন কর্তৃপক্ষ। অনেকের বিরুদ্ধে আবার অগ্রিম উৎকর্ষ নেওয়ার অভিযোগও রয়েছে। 

এই আইনের বাস্তবায়নে দায়িত্ব পালন করে Directorate of National Consumer Rights Protection, যা সাধারণভাবে ভোক্তা অধিকার অধিদপ্তর নামে পরিচিত। সংস্থাটি নিয়মিত বাজার মনিটরিং, অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনিয়ম দমন করার চেষ্টা করে। বিভিন্ন সময় দেখা যায়, বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত দামের বেশি নেওয়া বা মূল্য তালিকা না রাখার অভিযোগে অনেক দোকানকে জরিমানা করা হচ্ছে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন Consumers Association of Bangladesh দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে বাজারে মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা এখনো নিশ্চিত হয়নি। তাদের মতে, “ফিক্সড প্রাইজ” ধারণাটি অনেক ক্ষেত্রে ক্রেতার দরকষাকষির সুযোগ বন্ধ করে দেয় এবং এর আড়ালে ব্যবসায়ীরা ইচ্ছামতো মূল্য নির্ধারণ করেন।

ঈদের বাজারে প্রতারণার আরেকটি প্রচলিত কৌশল হলো কৃত্রিম ছাড় বা ডিসকাউন্টের ফাঁদ। অনেক দোকান প্রথমে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে রাখে, এরপর “৩০% ডিসকাউন্ট” বা “বিশেষ ঈদ অফার” ঘোষণা করে। এতে ক্রেতারা মনে করেন তারা কম দামে পণ্য কিনছেন, অথচ প্রকৃতপক্ষে তারা আগের চেয়ে বেশি মূল্যই পরিশোধ করছেন।

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এবং বাজার মনিটরিং টিম অনেক সময় এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান চালায়। ঈদের আগে প্রায়ই বাজারে অভিযান জোরদার করা হয়। কিন্তু বাজারের বিশাল পরিসরের তুলনায় এই নজরদারি এখনো পর্যাপ্ত নয়। ফলে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় সুযোগ পেয়ে যান।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার পেছনে কয়েকটি কাঠামোগত কারণ রয়েছে। প্রথমত, বাজারে তদারকির পরিধি সীমিত। দ্বিতীয়ত, অনেক ভোক্তাই তাদের অধিকার সম্পর্কে সচেতন নন। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। এই তিনটি কারণ মিলেই “ফিক্সড প্রাইজ” প্রতারণাকে অনেক সময় টিকে থাকতে সাহায্য করে।

এ পরিস্থিতিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রথমত, প্রতিটি দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং তা কঠোরভাবে তদারকি করা জরুরি। দ্বিতীয়ত, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ভোক্তা অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ করতে হবে। তৃতীয়ত, প্রতারণার বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে অন্য ব্যবসায়ীরা সতর্ক হয়।

একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন হতে হবে। পণ্য কেনার সময় মূল্য যাচাই করা, সম্ভব হলে রশিদ নেওয়া এবং প্রতারণার শিকার হলে অভিযোগ করা—এসব অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সচেতন ভোক্তাই একটি সুস্থ বাজার ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি।

ঈদ আনন্দের উৎসব। এই উৎসবের মূল সৌন্দর্য হলো মানুষের মুখের হাসি, পরিবারের সঙ্গে ভাগাভাগি করা সুখের মুহূর্ত। কিন্তু যদি সেই আনন্দের মুহূর্তে বাজারের প্রতারণা ভোক্তার মনে ক্ষোভ ও হতাশা তৈরি করে, তাহলে উৎসবের আনন্দও অনেকটাই ম্লান হয়ে যায়। তাই এখন সময় এসেছে—বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার।

“ফিক্সড প্রাইজ” এবং “ডিসকাউন্ট” যেন আর প্রতারণার প্রতীক না হয়ে ওঠে; বরং এটি যেন সত্যিকার অর্থেই ন্যায্য ও স্বচ্ছ বাণিজ্যের প্রতীক হয়ে দাঁড়ায়—এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত প্রত্যাশা ও অঙ্গীকার। ব্যবসায়ীদের নৈতিকতা, ভোক্তাদের সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি বিশ্বাসভিত্তিক বাজার ব্যবস্থা। যেখানে ক্রেতা প্রতারিত হওয়ার ভয় নয়, বরং আস্থার সঙ্গে কেনাকাটা করতে পারবে—সেই পরিবেশই হোক আমাদের বাণিজ্য সংস্কৃতির নতুন দিশা। তবেই “ফিক্সড প্রাইজ” ও “ডিসকাউন্ট” শব্দ দুটি প্রতারণার ছায়া থেকে বেরিয়ে সত্যিকারের সৎ বাণিজ্যের পরিচয় বহন করবে।

লেখক: সহকারী অধ্যাপক ও কলামিস্ট ডেইলী অবজারভার। 




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close