বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, জব্দ হওয়া মদের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ একজন মাদককারবারীকে আটক করা হয়।
জব্দকৃত মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জেইউ/আরএন