নোয়াখালীর মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত পান্না আক্তার (৪০) সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় চিকিৎসক দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন। পরে হাতেনাতে ১৫০ পিস ইয়াবাসহ পান্নাকে আটক করা হয়। সে সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, 'ছদ্মবেশে ওই নারী এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফলে তাকে মাদকসহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করা হয়। একপর্যায়ে কৌশলে ক্রেতা সেজে তাকে আটক করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'
এমআর/এমএ