বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, আমরা দেখলাম, আজকের বিশ্ব বাস্তবতা এমনভাবে তৈরি হয়েছে যে আমেরিকার রাষ্ট্রপ্রধান ও ইসরাইলের রাষ্ট্রপ্রধান—দুজনই নিজ নিজ দেশে আদালতে সাজাপ্রাপ্ত। এই দুইজন সাজাপ্রাপ্ত ব্যক্তি বর্তমান সময়ের বর্বর ও অসভ্য ব্যক্তি। এই সময়ের হিটলার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মস্তিষ্ক বিকৃত হিটলারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্ব অনিরাপদ হয়ে পড়েছিল। আজ ট্রাম্প একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি যা ইচ্ছা তাই করছেন। একটি মেয়েদের স্কুলে হামলা চালিয়ে দুই শতাধিক মেয়ে শিশুকে হত্যা করা হলো। অথচ পশ্চিমা দেশগুলোর টুঁ শব্দও নেই। বরং তারা এটিকে জায়েজ করার চেষ্টা করছে। আরব দেশগুলো, এমনকি আমাদের বাংলাদেশও নিন্দা জানিয়েছে যে ইরানের আরব দেশগুলোর আমেরিকান ঘাঁটিতে হামলা করা উচিত হয়নি। অথচ আত্মরক্ষার জন্য এটি অবশ্যই ইরানের জন্য বৈধ।
আজ আমেরিকা ও ইহুদিবাদের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো কোনো দেশ নেই। সবাই আমেরিকার পদলেহন করে যাচ্ছে। আজ বিশ্বে যে শান্তি বিঘ্নিত হচ্ছে, তার জন্য এসব দেশ দায়ী। আমাদের দেশও দায়ী। ভারতও দায়ী। কিছুদিন আগে মোদি ইসরাইলের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কারণ মোদিও গুজরাটের খুনি। আমাদের দেশের সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে নির্লজ্জতার সাক্ষর রেখেছে। আমাদের দেশের জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ইরানে মার্কিন-ইসরাইল হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে এবং দিনা তাজরীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সেক্রেটারি জাহিদুল ইসলাম দিপু, সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাইম বিপ্লব, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, মো. আলমসহ আরও অনেকে।
এসএস/আরএন