জয়পুরহাটে বিশেষ অভিযানে দুটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস এলাকায় গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কসংলগ্ন কমর গ্রামে এক ব্যক্তিকে একটি সাদা প্লাস্টিকের বস্তাসহ সন্দেহজনক অবস্থায় দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।
একপর্যায়ে আটক ব্যক্তি মো. শহিদুল ইসলাম স্বীকার করেন, তার সঙ্গে থাকা বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি রয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তা থেকে দুটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তির মধ্যে বড়টির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। সর্বমোট ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। বিজিবি জানায়, জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭০ হাজার টাকা।
জিএম/আরএন