কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরসহ চরাঞ্চলে ত্রাস সৃষ্টিকারী দুই সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন রুবেল ও শরীফ গাইকী।
পুলিশ জানায়, রুবেল হলো চরাঞ্চলের কথিত সন্ত্রাসী লাল চাঁদের পুত্র। লাল চাঁদ পূর্বে ক্রসফায়ারে নিহত হন। অপরদিকে শরীফ গাইকী ফিলিপনগরের মৃত মসলেমের পুত্র এবং একটি কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ তাদের আটক করে। পরবর্তীতে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের আশা, এ অভিযানের ফলে চরাঞ্চলে দীর্ঘদিনের আতঙ্ক ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসবে।
এসআই/আরএন